সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই ও দুই নারী নিহত
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্ররক্ষা বিভাগের এসআই আবু বকর সিদ্দিক (৪০), গৃহবধূ ফিরোজা বেগম (৬০) ও তাঁর ননদ চান বুরু (৪৫)।
পুলিশ সূত্র জানায়, বেলা পৌনে একটার দিকে বিমানবাহিনীর সদর দপ্তরের উল্টো পাশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এসআই আবু বকর ঘটনাস্থলে মারা যান।
কাফরুল থানার ওসি আবদুল কাইউম বলেন, এসআই আবু বকর গণভবনে কর্মরত ছিলেন। বেলা পৌনে একটার দিকে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলসহ তিনি পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। আবু বকরের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আন্দিপাড়ায়। তাঁর বাবার নাম আবু তাহের।
এদিকে সকাল সাতটার দিকে শাহবাগে হোটেল শেরাটন মোড়ে ইটিসি পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী মারা যান। এ ঘটনায় আহত তাঁদের তিন স্বজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ফিরোজা বেগম তাঁর ননদ চান বুরু ও তিন স্বজনকে নিয়ে বরিশাল থেকে লঞ্চে করে ভোরে সদরঘাটে নামেন। সেখান থেকে অটোরিকশায় করে মোহাম্মদপুরে আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। পথে হোটেল শেরাটন মোড়ে ইটিসি পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ফিরোজা ও তাঁর ননদ ঘটনাস্থলে মারা যান। মিনিবাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।