ঢাকার সাভারে ট্রাকের চাপায় এক পোশাকশ্রমিক নিহত ও মানিকগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়ক দুটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে ঘিওরের বানিয়াজুরী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাথী আক্তার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।এ খবর ছড়িয়ে পড়লে বানিয়াজুরী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় অবরোধস্থলের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে দুপুর দুইটার দিকে সড়ক ও জনপথ বিভাগ গতিরোধক নির্মাণের কাজ শুরু করলে অবরোধ তুলে নেওয়া হয়।ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, মানিকগঞ্জের বরংগাইল ফাঁড়ি পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।অন্যদিকে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সাভারের তেঁতুরঝোড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোকসানা আক্তার (১৮) নামে এক পোশাকশ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার জের ধরে তাঁর সহকর্মীরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করেন।সাভার থানা পুলিশ জানায়, সাভার থানা পুলিশ রোকসানার লাশ থানায় নেওয়ার প্রস্তুতি নিলে তাঁর সহকর্মীরা ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানায়। পুলিশ তাঁদের দাবি উপেক্ষা করে লাশটি থানায় নেওয়ার চেষ্টা চালালে শ্রমিকেরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরে রাজি হলে সকাল সাড়ে আটটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।