সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী ও এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমাপুরে গত সোমবার সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। একই দিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টিতে বাসচাপায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
নিহত প্রকৌশলীর নাম মিঠুন দাস (৩০)। তিনি রাজবাড়ী গণপূর্ত বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর শহরের সিংপাড়া মহল্লার নিত্য গোপাল দাসের ছেলে।
করিমপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন জানান, মিঠুন মোটরসাইকেলে সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ফরিদপুরে ফিরছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর থেকে আসা বিপরীতমুখী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নিহত মিঠুনের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ হয়ে মাত্র তিন মাস আগেই চাকরিতে যোগদান করেন। তিনি অবিবাহিত ছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, মিঠুনের বাবা নিত্য গোপাল দাস বাদী হয়ে সড়ক দুর্ঘটনার অভিযোগে একটি মামলা করেছেন।
বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টিতে নিহত হন পুলিশের এএসআই মনিরুল ইসলাম (২৭)। মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় তিনি কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই কনস্টেবলও আহত হন।
আহত পুলিশ সদস্যরা জানান, সোমবার রাতে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়কে হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যায় বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রামপট্টিতে পৌঁছালে এএসআই মনিরুল ইসলাম সেটিকে থামার জন্য ইশারা করেন। বাসটি একটু গতি কমালে মনিরুল কাছে যেতেই চালক দ্রুতবেগে তাঁকে চাপা দিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় বাসের ধাক্কায় কনস্টেবল মো. মিরাজ ও মো. আসাদুজ্জামান সড়কে ছিটকে পড়েন।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান জানান, বাসচালক মো. সালাম পুলিশ সদস্যকে চাপা দিয়ে রহমতপুর এলাকায় বাসটিকে ফেলে সহকারীসহ পালিয়ে যান। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।