দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়। এসব দুর্ঘটনার দুই-তৃতীয়াংশই সংঘটিত হয় দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে। দুর্ঘটনা-সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট—এআরআইয়ের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ৮০ শতাংশের বয়স পাঁচ থেকে ৪৫ বছর। তাদের মৃত্যু পরিবার ও সমাজের ওপর প্রভাব পড়ে। নিহত ব্যক্তিদের ৫৩ শতাংশই পথচারী, যাদের ২১ শতাংশের বয়স ১৬ বছরের নিচে। পাঁচ বছর ধরে এআরআই সড়ক দুর্ঘটনার ওপর কাজ করছে। গবেষণা প্রতিবেদনে এআরআই উল্লেখ করে, দুর্ঘটনায় ৫০ শতাংশ লোক মারা যায় ১৫ মিনিটের মধ্যে। মস্তিষ্ক ও হূদযন্ত্রে বড় ধরনের আঘাত লাগায় অথবা অতিরিক্ত রক্তক্ষরণ এসব মৃত্যুর মূল কারণ। ৩৫ শতাংশ মারা যায় এক থেকে দুই ঘণ্টার মধ্যে। সাধারণত তারা মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। বাকি ১৫ শতাংশ মারা যায় দুর্ঘটনার এক মাসের মধ্যে। বিশেষ কোনো অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে সাধারণত তাদের মৃত্যু হয়।প্রতিবেদনে দুর্ঘটনা ঘটার আধঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়টিকে দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা হয়।এআরআইয়ের পরিচালক অধ্যাপক মোহাম্মাদ মাজহারুল হক বলেছেন, মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে বা কী কায়দায় তাদের আনা-নেওয়া করতে হবে তা অধিকাংশ লোকই জানে না। তিনি এসব রোগীকে স্থানান্তর করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত একটি করে স্ট্রেচার রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে প্রতিবছর প্রায় ১২ লাখ সড়ক দুর্ঘটনা ঘটে। এর ৯০ শতাংশই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সংঘটিত হয়। মোট দুর্ঘটনার অর্ধেক ঘটে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে।প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চার শতাংশ লোক বড় ধরনের মাত্রার পঙ্গুত্ব বরণ করে। ১০ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং ৩০ শতাংশকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে হয়। এসব দেশকে দুর্ঘটনার শিকার হওয়া লোকদের চিকিৎসার খরচ মেটাতে এক থেকে পাঁচ শতাংশ প্রবৃদ্ধির অর্থ ব্যয় করতে হয়।এআরআই পরিচালক আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও মোটরযানের ব্যবহার দ্রুত বৃদ্ধির কারণে বাংলাদেশে আগামী ১০ বছরে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ নেবে।এআরআইয়ের পক্ষ থেকে গাড়ির গতি নিয়ন্ত্রণ, গাড়ির খাদে পড়া ঠেকানো, চালকের আচরণ উন্নত করা, আঘাত-পরবর্তী ব্যবস্থাপনা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে সুপারিশ করা হয়। বাসস।