সড়ক দুর্ঘটনায় প্রথম আলো সাংবাদিকের ভাইসহ ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে মিনিবাসের ধাক্কায় প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়ার চাচাতো ভাই মোমিন ইসলামসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা দুজন সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ঠাকুরটারি নামক স্থানে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি মিনিবাস মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে থাকা পাগলাপীরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোমিন ইসলামসহ (৩৮) দুজন নিহত হন। তাঁরা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। মোমিন নিজ বাড়ি ডাঙ্গাপাড়া থেকে অটোরিকশায় করে পাগলাপীর যাচ্ছিলেন। তিনি তারাগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আহাজ আলীর ছেলে ও প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়ার চাচাতো ভাই। আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবদুল্লাহ আল বাকী বলেন, মিনিবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।