সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক ও কলেজছাত্র নিহত
সাতক্ষীরায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ও আরেকজন কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন জেসমিন খালেদ (৪৫) ও মোকছেদুর রহমান (২১)। জেসমিন খালেদ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আবদুর রহমানের স্ত্রী।
মোকছেদুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবদুল মান্নান গাজীর ছেলে ও খুলনা বিএল কলেজের অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেসমিন খালেদ দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে শিক্ষার্থীদের জন্য নতুন বই নিয়ে ইঞ্জিনচালিত একটি ভ্যানে করে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় ভ্যানের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
সকাল সাড়ে নয়টার দিকে কালীগঞ্জের বিষ্ণুপুর থেকে মোকছেদুর রহমান তাঁর বোন ঝর্না খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে আশাশুনির মহিশকুড় যাচ্ছিলেন। পথে বাঁশতলা তিন রাস্তার মোড়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি পড়ে যায়। কিন্তু এ সময় ওই ভ্যানটি মোকছেদুর রহমানের ওপর দিয়ে চলে যায়। পরে দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে মোকছেদুর রহমান মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।