সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও ১১ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও ১১ জনের। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় লেগুনা উল্টে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জে তিনজন, রংপুরে দুজন, কুমিল্লায় দুজন ও গাজীপুরে একজন নিহত হয়েছেন। গত সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
১১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ১০ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১২২ জন। এ ছাড়া বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসাবমতে, ৭ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৮৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৭ জন। আহত হয়েছেন ৩৪৬ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের ওমপাড়া এলাকায় গতকাল দুপুরে ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস অপর একটি বাসকে পাশ কাটানোর (ওভারটেক) সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের মাটির রাস্তায় চলে যায়। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয় বাসটি। এতে লেগুনাটি ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীনগরের দেউলভোগ গ্রামের সুকুমার মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী পারুল মণ্ডল (৪৮) এবং কেওয়টখালী গ্রামের ব্যবসায়ী ফরহাদ হোসেন (২৮)।
আহত পাঁচজনের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের সবাই লেগুনার যাত্রী ছিলেন।
এ ঘটনায় বেলা দুইটার দিকে বিক্ষুব্ধ জনতা কেওয়টখালী এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এতে সড়কের দুপাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামছুজ্জামান বিকেলে বলেন, বাসটি আটক করা হয়েছে।
গোপালগঞ্জ: গতকাল দুপুরে মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুরে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পাশের খাদে পড়ে গেলে ২ জন নিহত ও ১৫ জন আহত হন। বাসটি নড়াইল থেকে মাওয়া যাচ্ছিল। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, নিহত দুজনের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে, তাঁদের একজন বাসচালকের সহকারী এবং অপরজন যাত্রী। আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একই মহাসড়কে চর গোবরা এলাকার মোল্লাহাট সেতুর কাছে টোলঘরের সামনে খুলনা থেকে মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শাহনেওয়াজ শেখ (২৫) নিহত এবং একজন পথচারী আহত হন। শাহনেওয়াজের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে। গুরুতর আহত পথচারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রতন বৈরাগী বলেন, মাওয়াগামী রাফিন-সাফিন পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কের উল্টো পাশে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
রংপুর: পীরগঞ্জের বড়দগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট শহিদুল ইসলাম বলেন, পীরগঞ্জের রাউদপাড়া এলাকায় গত সোমবার রাত দেড়টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দীনবন্ধু রায় (৫৫) নামের এক যাত্রী নিহত হন। আহত হন ২০ জন। দীনবন্ধুর বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার টিপার বাজার গ্রামে।
তারাগঞ্জে চিকলী বাজার এলাকায় গত সোমবার দুপুরে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় আহত ব্যক্তিদের মধ্যে আরও একজন মারা গেছেন। তাঁর নাম সুরেন কুমার। গত সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ বলেছে, উপজেলার ফাজিলপুর গ্রামের আতিয়ার রহমান (৪৭) ও তাঁর ছেলে মোস্তফা কামাল (২৮) এবং একই গ্রামের সুরেন ঘটনার দিন দুপুরে তারাগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে চিকলী বাজার এলাকায় পৌঁছালে বাসটি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আতিয়ার।
দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ ও হাসানপুরে গতকাল দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মারা যান। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির চালক বাসরা গ্রামের মাহে আলম (৩৩) ঘটনাস্থলেই মারা যান। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে গত সোমবার রাত ১২টার দিকে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৭০) এক নারী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাজার এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় রাজু আহমেদ (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ঝিনাইদহে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন রাজু। এ সময় পেছন থেকে ট্রাকটি তাঁকে চাপা দেয়। লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।