
১০ জেলায় সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে আরও ১৬ জনের প্রাণ। এর মধ্যে গতকাল সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন।
এ ছাড়া গত রোববার বিকেল থেকে গতকাল দুপুর পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়া, মাগুরা, গোপালগঞ্জ, নোয়াখালী, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, রংপুর, বাগেরহাট ও নারায়ণগঞ্জে শিশুসহ নিহত হয়েছে আরও ১২ জন।
এ নিয়ে ১১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত নয় দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১১ জনের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবমতে, ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে ৮৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫৭ জন। আহত হয়েছে ৩৪৬ জন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: পুলিশ বলেছে, গতকাল বেলা দেড়টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাওয়াগামী গাঙচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। আহত বাসযাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে এক নারীসহ চারজন মারা যান।
ওই চারজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার সাদেক হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২১)। দুর্ঘটনার পর ঢাকা-মাওয়া মহাসড়কে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের মির্জাপুরে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একটি লরিতে বহন করা প্রায় ৩০ ফুট লম্বা লোহার অ্যাঙ্গেল বিদ্ধ হয়ে একটি যাত্রীবাহী বাসে থাকা দুই নারী নিহত হন। অ্যাঙ্গেলে বিঁধে আহত হন বাসটির যাত্রীসহ ২৪ জন।
নিহত দুজন হলেন রংপুর সদরের পীরপুরের মোহনা খাতুন (১৭) ও গঙ্গাচড়ার এজাজুল ইসলামের স্ত্রী রওশন আরা বেগম (২৭)।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন,
উত্তরবঙ্গগামী লরিটিতে রাখা লোহার অ্যাঙ্গেল ঢাকাগামী বাসটির চালকের আসনের পেছন দিয়ে বিঁধে বাসের শেষ প্রান্ত পর্যন্ত চলে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
দুই প্রত্যক্ষদর্শী বলেন, দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর ওই লোহার অ্যাঙ্গেল ছিটকে পড়ে। এতে অটোরিকশার চালকও আহত হন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা বলেন, দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ায় লরিটি শনাক্ত করা যায়নি। বাসটি আটক করা হয়েছে। নিহত মোহনা খাতুনের মামা হিরা শেখ এ ব্যাপারে গতকাল বিকেলে থানায় মামলা করেছেন।
মাগুরা: মাগুরা শহরের পারনান্দুয়ালী সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল সকালে একটি পিকআপ ভ্যানের চাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন মাগুরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের চিঠি ও সংবাদবাহক (ম্যাসেঞ্জার) ইব্রাহিম মণ্ডল (৩৫) এবং চা-দোকানি কুদ্দুস বিশ্বাস (৬০)। ইব্রাহিমের বাড়ি যশোরের বাডিয়াটোলা গ্রামে। কুদ্দুস পারনান্দুয়ালী মোল্লাপাড়ার বাসিন্দা।
মাগুরা সদর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড়ে ঢাকা-খুলনা মহাসড়কে রোববার বিকেলে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় একটি ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। তাঁরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের আজিম চৌধুরীর স্ত্রী কল্পনা বেগম (৪০) ও ইজিবাইকের চালক কোটালীপাড়া উপজেলার আল আমিন (৫০)। এ ঘটনায় আহত হন চারজন। তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নোয়াখালী: জেলার হাতিয়া উপজেলায় আফাজিয়া বাজারে গতকাল দুপুরে পুলিশ সদস্যদের বহনকারী একটি ভাড়া করা জিপের চাপায় সৈকত হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের শরিফ মিয়ার ছেলে।
পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে সঙ্গে ওই জিপে থাকা পুলিশ সদস্যরা সৈকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ওসি মো. গোলাম ফারুক বলেন, জিপটি থানার নিজস্ব নয়, ভাড়া করা। নিহত শিশুর পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছে। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেনি।
চুয়াডাঙ্গা: সদর উপজেলার সুবদিয়ায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় জুবাইর (৬) নামের এক শিশু নিহত হয়। সে সুবদিয়া গ্রামের বনফুল মণ্ডলের ছেলে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে সদর থানা-পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের জয়মনিরহাট বাজারে গতকাল ভোর পাঁচটার দিকে ট্রাকচাপায় জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুরুজ্জামান নিহত হন।
ভূরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল কবির বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
তারাগঞ্জ (রংপুর): উপজেলার ফাজিলপুর মৌলভীপাড়া গ্রামের আতিয়ার রহমান (৪৭), তাঁর ছেলে মোস্তফা কামাল ও ফাজিলপুর গ্রামের সুরেন কুমার গতকাল বেলা দুইটার দিকে তারাগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উপজেলার টিকলি বাজার এলাকায় সৈয়দপুরগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আতিয়ার দুর্ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত মোস্তফা ও সুরেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলায় বাগেরহাট-মাওয়া মহাসড়কের খান ফিলিং স্টেশনের সামনে রোববার রাতে বাসচাপায় আরিফুর রহমান (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন তাঁর শ্বশুর হাকিম মোড়ল (৬০)। নিহত আরিফুর বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের রইজ উদ্দিনের ছেলে। হাকিম মোড়লের বাড়ি একই ইউনিয়নের আড়পাড়া গ্রামে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি আবদুল মান্নান ফরাজি বলেন, আরিফুর ও তাঁর শ্বশুরকে চাপা দেওয়া মাওয়াগামী বিআরটিসির বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ):ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রোববার রাতে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় আজিজুল হক (৩৫) নামের এক শ্রমিক নিহত হন। আহত হন দুই পথচারী। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।