সড়ক দুর্ঘটনায় আট জেলায় প্রাণ গেল আরও ২১ জনের। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ আটজন, টাঙ্গাইলে বাস রাস্তার ওপর উল্টে গিয়ে পাঁচজন, মাদারীপুরের পূর্ব রাজৈর এলাকায় বাস-মাহিন্দ্র সংঘর্ষে তিনজন এবং চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ চারটি ঘটনা গতকাল শুক্রবারের।
আগের দিন বৃহস্পতিবার দিনাজপুর, লালমনিরহাট, সিলেট ও বরিশালে চারটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও চারজন। সড়ক দুর্ঘটনায় এ নিয়ে গত রোববার থেকে গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়াল ৫৬। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত খবর:
ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই ছেলেসহ নয়জন স্বজনকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ে দিতে মাইক্রোবাস নিয়ে গতকাল সকাল সাতটার দিকে ঢাকার নাখালপাড়ার উদ্দেশে রওনা হন হাদীউর রহমান ওরফে সরফর মিয়া (৫৫)। তাঁর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামে। বাদ জুমা নাখালপাড়ার স্থানীয় একটি মসজিদের ইমাম আবু হানিফের মেয়ের সঙ্গে হাদীউরের বড় ছেলে আবু সুফিয়ানের বিয়ের কথা ছিল। সকাল পৌনে ১০টার দিকে তাঁদের মাইক্রোবাসটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আরোহী হাদীউরের পরিবারের চারজনসহ আটজন নিহত হন।
নিহতরা হলেন হাদীউর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান (২৬), ভাই মতিউর রহমান (৪২) এবং মতিউরের ছেলে আলী হোসেন (১২)। নিহত অন্যদের মধ্যে আবদুল হান্নান (৬৫) হলেন আবু সুফিয়ানের মামা। বাকি তিনজন হলেন দুরূদ মিয়া (৫৫), মুকিত চৌধুরী (৬৫) ও মাওলানা সাইদুর রহমান। তাঁরা হাদীউরের গ্রামের বাসিন্দা। গুরুতর আহত আবু সুফিয়ানের ছোট ভাই তারেকুল ইসলাম (২২) ও মাইক্রোবাসচালক ফরহাদ হোসেনকে (২৮) প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় এনা পরিবহনের অন্তত ২০ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে জাকির হোসেন (২৫) ও অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে থেকে দেখা যায়, মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে সড়কের ডান পাশে গাছের সঙ্গে আটকে ছিল। পরে দমকলবাহিনীর লোকজন যন্ত্র দিয়ে মাইক্রোবাসের পেছনের অংশ কেটে গাড়ির ভেতর থেকে নিহত যাত্রীদের লাশ উদ্ধার করেন।
সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল: গতকাল ভোরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর বাস উল্টে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ভোর পাঁচটার দিকে পৌলী এলাকায় পৌঁছালে একটি নসিমনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ চারজন নিহত ও ২৫ জন আহত হন। আহত যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
নিহত যাত্রীরা হলেন পাটগ্রাম উপজেলার ফিরোজ মিয়ার স্ত্রী আসমা আক্তার (৪০), সিদ্দিক মিয়ার ছেলে রিপন (৩০), আব্বাস আলীর ছেলে আসাদুল হাবিব (১৫) এবং মোমিনুর (৪০) ও সুমন (২৫)। দুর্ঘটনায় হতাহতদের সবাই লালমনিরহাটের বাসিন্দা এবং গাজীপুরের শফিপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ঈদের ছুটি শেষে তাঁরা বাসটি ভাড়া করে কর্মমস্থলে ফিরছিলেন। নিহত শ্রমিকদের লাশ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর পৌরসভার পূর্ব রাজৈর এলাকায় বাসের সঙ্গে একটি মাহিন্দ্রর সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
রাজৈর থানা ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিন চাকার একটি মাহিন্দ্র যান টেকেরহাট থেকে যাত্রী বোঝাই করে রাজৈর বাসস্ট্যান্ডে যাচ্ছিল। অপর দিকে পটুয়াখালী থেকে সমুদ্রসৈকত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পূর্ব রাজৈর এলাকায় পৌঁছালে বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম: পটিয়া উপজেলার উজিরপুর নিমতল দরগাহ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল দুপুরে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসচালক নিহত ও আট যাত্রী আহত হয়েছেন। নিহত চালকের নাম আবদুল মোনাফ (২৬)। তাঁর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
নিহত আরও চারজন: বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার ভাতগাঁও ব্রিজের পশ্চিম পাশে বাসের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী নিহত হন। একই দিন সন্ধ্যায় সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত সুজাতা বেগম (২৬) নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা গেছেন। খাদিমপাড়ার বাসিন্দা সুজাতা যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ‘সামফান ফাউন্ডেশন’-এর কর্মী ছিলেন। এক বান্ধবীসহ মোটরসাইকেলে উঠেছিলেন তিনি। চালাচ্ছিলেন বান্ধবীর স্বামী।
একই দিন বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নূর ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের জফির উদ্দিনের ছেলে।
বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় বাসের চাপায় মো. মাসুদ রাঢ়ি (২৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের কাশীপুর এলাকার রেইনট্রিতলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। মাসুদ রাঢ়ি কাশীপুর গণপাড়া এলাকার রাঢ়িবাড়ির আবদুল জব্বার রাঢ়ির ছেলে।
এর আগে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২১টি জেলায় পুলিশ, শিশু, নারীসহ ৩৫ জন নিহত হন।