সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রীর
নোয়াখালী শহরের মাইজদীবাজার এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম জান্নাত আহমেদ ওরফে অনিসা (১৭)। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির বিভাগের ছাত্রী ছিল।
এ ঘটনায় অপর এক কলেজছাত্রীসহ আরও দুজন আহত হয়েছে। আহত ছাত্রীর নাম সুমাইয়া তাসনুর (১৭)। সে নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। আহত অপরজন হলেন ইজিবাইকচালক কবির আহমেদ। আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে মাইজদীবাজার এলাকা থেকে একটি ইজিবাইক মূল শহরের দিকে আসছিল। ইজিবাইকটি মাইজদীবাজার এলাকার মর্ডান হসপিটালের সামনে যেতে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী কলেজছাত্রী ও চালক মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জান্নাত আহমেদকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপভ্যান আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
হাতাহত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রী সকালে মাইজদীবাজার এলাকায় এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নিহত জান্নাতের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব মানিকরাজ গ্রামে। সুমাইয়ার বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামে।