সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছয়জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল বাস ও লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার বাসের চাপায় দুজন নিহত হন। গতকাল শেরপুরে অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী তিন ঘণ্টা ঢাকা-শেরপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মির্জাপুর উপজেলার সাহাপাড়া গ্রামের দিলীপ কুমার (৪৮), সরিষাদাইড় গ্রামের হারাধন সরকার (৩২), চড়পাড়া গ্রামের শিমুল খান (২২), শুভুল্যা গ্রামের সজল মিয়া (২২), শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়ার সালাম মিয়া (৫৬) ও আরজদ মিয়া (৬০)। শেরপুরে আহত ছাত্রীর নাম আকলিমা আক্তার (১৮)। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

গতকাল বুধবার বেলা পৌনে একটার দিকে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চরপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে মির্জাপুর বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বিএস এন্টারপ্রাইজের লেগুনাচালক দিলীপ কুমার, একই প্রতিষ্ঠানের তিন কর্মচারী হারাধন সরকার, শিমুল খান (২২) ও সজল মিয়া নিহত হন। পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে তাঁরা লেগুনায় ওই প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন কোম্পানির পণ্য নিয়ে উপজেলার জামুর্কী ও পাকুল্যা বাজারে যান। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে  উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে শিমুলকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মৌলভীবাজার: মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর পুলের কাছে বাসচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হচ্ছেন সালাম মিয়া ও আরজদ মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। ঘটনার পরপরই চালক বাস ফেলে পালিয়ে যান। শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহবুবুর রহমান গত মঙ্গলবার রাতে প্রথম আলোকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর: পুলিশ ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় অবস্থিত পলিটেকনিকের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত একটি অটোরিকশা আকলিমা বেগমকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আকলিমা গুরুতর আহত হন। ঘটনার পরপরই এলাকাবাসী তাঁকে (আকলিমা) উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল পাঠান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আকলিমার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল নয়টার দিকে ইনস্টিটিউটের সামনের শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা ভাতশালা এলাকায় সড়কে গতিরোধক স্থাপনের দাবি জানান। পরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিঞাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ কর্মকর্তারা গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ বলেন, এ ঘটনার ব্যাপারে সদর থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ অটোরিকশাটি আটকের জন্য চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া সড়কটিতে গতিরোধক স্থাপনের ব্যাপারে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।