সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
চট্টগ্রামের মিরসরাইয়ের সুফিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী হিউম্যান হলার, মিনি কাভার্ড ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আটজন। আজ রোববার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। সুফিয়া বাজার এলাকায় ট্রাকটি স্থানীয় যাত্রীবাহী একটি হিউম্যান হলার ও মিনি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি রাস্তায় উল্টে পড়ে এবং হিউম্যান হলার ও ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁদের লাশ এখনো উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো অনেকে ট্রাকের নিচে চাপা পড়ে আছেন।
আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।