সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের
যশোর ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। এ নিয়ে গত ২১৬ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ২০।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
যশোর: মনিরামপুর ও শার্শা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন চলন্ত ইজিবাইক থেকে সড়কের ওপর পড়ে এবং অপরজন ট্রাকচাপায় নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুক্তি দাস (২১) ও জনি হোসেন (২৭)। মুক্তি দাস মনিরামপুর উপজেলার চিনেটোলা গ্রামের পাগল চন্দ্র দাসের মেয়ে এবং জনি হোসেন শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
নিহত মুক্তি দাসের মামাতো ভাই মিলন দাস বলেন, গতকাল দুপুরে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন মুক্তি। রাজগঞ্জ মোড়ে পৌঁছালে চলন্ত ইজিবাইক থেকে সড়কের ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
এদিকে, নাভারন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে টমেটোবোঝাই মিনিট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শার্শা উপজেলার হাড়িখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই টেম্পোকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ওই টেম্পোর যাত্রী জনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন টেম্পোর চালক আবদুল লতিফ (৪০), টেম্পোর যাত্রী হাবিবুর রহমান (৩০) ও আছিরন বেগম (৪৫)। তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল লতিফ ও আছিরন বেগমের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
নীলফামারী: সৈয়দপুর বাইপাস মহাসড়কে পাথরবোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের ধলাগাছ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধার মামুদের ছেলে ট্রাকচালক দুলাল হোসেন (৫০) ও চালকের সহকারী নীলফামারীর ডিমলার ছোটখাতার আবদুল হালিমের ছেলে আতিকুল ইসলাম (২১)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানায়, পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে পড়লে মহাসড়কে দাঁড় করিয়ে ট্রাকের চালক ও তাঁর সহকারী যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছিলেন। ওই সময় অপর একটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন যশোর প্রতিনিধি ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি)