সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ ওয়াই কে এম জাহাঙ্গীর (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার সকালে এ দুর্ঘটনায় তাঁর ছেলে ওয়াকিল খান আহত হয়েছেন।
নাটোর সদর থানা সূত্র জানায়, অধ্যাপক জাহাঙ্গীর সকালে তাঁর ছেলের সঙ্গে মোটরসাইকেলে চড়ে সিরাজগঞ্জে নিজের বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি চকবৈদ্যনাথ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করে থানায় এনেছে। চালক ও তাঁর সহকারী পালিয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
অধ্যাপক জাহাঙ্গীরের শ্যালক সাঈদ সালাম প্রথম আলোকে বলেন, গতকাল বাদ আসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।