সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই শিশুর
পটুয়াখালীর বদরপুর এলাকায় পটুয়াখালী-বরিশাল সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও জিপের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী দুই শিশুসহ মা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ইজিবাইকের আরও ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলো মা আমেনা বেগম (৪৫) ও তাঁর দুই সন্তান মামুন (১৪) এবং মরিয়ম (৪ মাস)। আমেনা বেগমের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলা বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে।
আহত ব্যক্তিরা হলো হাসিনা বেগম (৫০), লিপি (৫), রাইয়ান (৯), আয়েশা (২০), হাবিব মৃধা (৩৫) ও সাফিয়া বেগম (৫৫)। তাঁদের পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী নিয়ে ইজিবাইকটি বদরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপের (ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৫৭৭) সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পরে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহত আমেনা বেগমের স্বামী হোসেন মৃধা বলেন, কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল তাঁদের শিশু সন্তান মরিয়ম। আজ সকালে ছেলে মামুন ও মেয়ে মরিয়মকে নিয়ে শহরের হাসপাতালের যান আমেনা। চিকিৎসা শেষে হাসপাতালের পাশে আত্মীয়ের বাড়িতে দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, জিপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।