সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ জনের
খুলনা ও চুয়াডাঙ্গায় আজ রোববার সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। সকাল সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুর্ঘটনায় প্রাণ যায় ১৩ জনের, যাঁদের সবাই শ্রমিক ছিলেন। আর বিকেলে নিহত চারজনই গোপালগঞ্জের উড়াকান্দি বারুণি মেলা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আশরাফুল ইসলাম বলেন, একদল শ্রমিক নিয়ে একটি ভটভটিতে দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল বালুভর্তি ট্রাক। জয়রামপুর স্কুলের কাছে ভটভটিকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এতে ভটভটিটি দুমড়ে-মুচড়ে যায়। শ্রমিকদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
আশরাফুল বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুর্ঘটনার পর পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
দুর্ঘটনায় আহত নুর ইসলাম বলেন, তিনিসহ ২২ জন ভটভটিতে গাদাগাদি করে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান তিনজন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান একজন। চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আব্দার হোসেন (৪৮), বিল্লাল হোসেন (৪০), আবু বকর সিদ্দিক (৪৩), ইজ্জত আলী (৬০), নজির আহমেদ (৩০), শান্ত আহমেদ (২২), হাফিজুর রহমান (৪০), শফিকুল ইসলাম (৩৫), বিল্লাল মোল্লা (৩৫), রফিকুল ইসলাম (৩৫), জজ হোসেন (২৮), লাল মোহাম্মদ (৩৫) ও শাহীন হোসেন (৩৫)।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দামুড়হুদা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থলে আসেন। তিনিসহ উপস্থিত পুলিশ সদস্যদের চেষ্টায় ঘণ্টা খানেক পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রাকের ধাক্কায় ভটভটিটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের ওপর পড়ে আছে। পিচঢালা মহাসড়কে রক্তের ছাপ। হতাহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। পড়ে আছে গামছায় বাঁধা ও টিফিন ক্যারিয়ারে থাকা খাবার। পড়ে আছে কোদাল, শাবল, মাথাল ও স্যান্ডেল।
প্রত্যক্ষদর্শী শান্তিরঞ্জন মিস্ত্রির বরাত দিয়ে আমাদের খুলনা অফিস ও সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, তাঁরা শনিবার সকালে শ্যামনগর থেকে যাত্রীবাহী আটটি বাস নিয়ে গোপালগঞ্জের উড়াকান্দি বারুণির মেলায় যান। মেলা শেষে তাঁরা ৪৫ জন একটি যাত্রীবাহী বাসে করে শ্যামনগর ফিরছিলেন। পথে ডুমুরিয়া উপজেলার বালিয়াখালিন নতুন রাস্তার মোড় এলাকায় খুলনামুখী একটি মোটরসাইকেলকে পাশ দিয়ে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন ২০ জন। আহত ব্যক্তিদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক গোলক চন্দ্র মিস্ত্রিকে মৃত ঘোষণা করেন।
নিহত চারজন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ আঠুলিয়া গ্রামের গোলক চন্দ্র মিস্ত্রি (২২), পূর্ব মুন্সিগঞ্জের কৃষ্ণ প্রসাদ মন্ডল (২১), রাজেস সরদার (২১) লান্টু সরদার (১৯)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বিকেল সাড়ে পাঁচটার দিকে বলেন, এখনো উদ্ধারকাজ চলছে।