সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলা সদরের গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে এবং বেলা ১১টার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ হোসেন জানান, আজ বেলা ১১টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাহাব্দিপুর এলাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া বেগম নামের একজনের মৃত্যু হয়। আহত হন ১৫ জন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। নিহত আলেয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাতখালী গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

আর গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনের দুর্ঘটনা সম্পর্কে ওসি বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে হাঁটতে বের হন মাফিয়া বেগম ও আনোয়ারা বেগম। পথে গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে তাঁরা দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলে মাফিয়া বেগম ও পরে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আনোয়ারা বেগম মারা যান। ট্রাকের ধাক্কায়, না বাসের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।