সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একই দিন আরও দুই জেলায় দুইজন প্রাণ হারিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা গ্রামের বাচ্চু মিয়া (৩০), সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকার শীলা আক্তার (২৮), একই এলাকার ফিরোজ মিয়ার শিশুসন্তান নাঈম হোসেন (৮), ভ্যানচালক মোয়াজ্জেম হোসেন (৩৫) এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বালিথা গ্রামের মহিদুর রহমান (৩০) ও নারায়ণগঞ্জের দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী গ্রামের ইমাম হোসেন (২২)।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: পুলিশ জানায়, ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের চাপায় পথচারী বাচ্চু মিয়া, শীলা আক্তার ও নাঈম হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ভ্যানচালক মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে ব্যাপকভাবে গাড়ি ভাঙচুর করে। এতে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানিকগঞ্জ: ঘিওর পুলিশ জানায়, কেনাকাটার জন্য গতকাল সকালে ঘিওর সদরের হাটে যাচ্ছিলেন মহিদুর। তিনি ঘিওর-দৌলতপুর সড়কের তেরশ্রী এলাকায় মানিকগঞ্জগামী চলন্ত একটি বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে তিনি বাস থেকে নিচে পড়ে যান এবং চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। লোকজন মহিদুরকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানার এসআই হাবিবুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে ইমাম হোসেন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে ভুলতা-আড়াইহাজার সড়কে উপজেলার বিনাইচর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে তিনি সজোরে ধাক্কা খান। এতে ইমাম ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন অজ্ঞাত ব্যক্তিও আহত হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইমাম সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।