সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির লামাকাজি বাজারে গতকাল রোববার বাসচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। একই দিন জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভটভটির চাপায় পথচারী ও কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেটে আসছিল। সকাল সাড়ে নয়টার দিকে সিলেট শহরতলির লামাকাজি বাজারে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।তারা হলো অটোরিকশার চালক সুনামগঞ্জের ছাতক উপজেলার সুতারকালি গ্রামের মামুন মিয়া (২০), অটোরিকশার যাত্রী সিলেট মহানগরের জালালাবাদ থানার আউশা গ্রামের শামীম আহমদ (২২) ও কালারুকা গ্রামের আরশ আলীর ছেলে সালেহ আহমদ (১২)। এলাকাবাসী বাসটির চালক মো. মঞ্জিল মিয়াকে (৪২) আটক করে পুলিশে দেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালককে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জামালপুর: পুলিশ ও এলাকাবাসী জানান, বকশীগঞ্জের মাছপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল উপজেলার মাছপাড়া গ্রামের রঞ্জু মিয়ার ছেলে শাহালম মিয়া (১৪)। গতকাল বেলা দুইটার দিকে শেরপুর থেকে বকশীগঞ্জগামী একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, ভটভটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরব হাইওয়ে থানা-পুলিশ জানায়, ভৈরবমুখী একটি ট্রাক গতকাল সকাল পৌনে নয়টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী পৌর শহরের বরাদিয়া এলাকায় সজিব মিয়া (২৮) নামের মোটরসাইকেলের এক আরোহীকে ধাক্কা দেয়। এতে সজিব সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, নিহত সজিব পেশায় চাল ব্যবসায়ী ছিলেন। বাড়ি জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে।