সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয় জেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। এর আগের দিন রাতে শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকায় চালক বাবার অটোরিকশা উল্টে মেয়ে নিহত হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় একটি মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাঁরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার কুকরালি গ্রামের নাহিদ হোসেন (৪০) এবং আশাশুনি উপজেলার বেউলা গ্রামের শান্তিপদ দাস (২৫) ও শম্ভু দাস (৪০)। তাঁরা বরযাত্রী নিয়ে আশাশুনির মহেশ্বরকাটি থেকে বাগেরহাটের মংলায় যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মনজিৎ নন্দী বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।
দাউদকান্দি (কুমিল্লা): দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিন পথচারী নিহত ও চারজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জিন্নাত আরা (৪৫), অজ্ঞাতপরিচয় চানাচুর বিক্রেতা (৩০) ও অজ্ঞাতনামা অপর একজন (৪০)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, কাভার্ড ভ্যান ও এটির চালক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।
ফরিদপুর: বেলা একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ির আরোহী দুই ভাই মারা যান। তাঁরা হলেন নুরুজ্জামান মাতুব্বর (৫৫) ও বাদল মাতুব্বর (৪৮)। তাঁরা ঢাকার শুক্রাবাদ এলাকার বাসিন্দা। তাঁরা গোপালগঞ্জে কাজ শেষে ঢাকায় ফিরছিলেন।
কাশিয়ানী থানার এসআই ইমারত হোসন বলেন, পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
পটুয়াখালী: সকালে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া-বাউফল সড়কের শৌলা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ভাড়ায় চালানোর মোটরসাইকেলচালক ফারুক হাওলাদার (৩০) ও এর যাত্রী রামচন্দ্র দাস (৩৭) ঘটনাস্থলে প্রাণ হারান। ফারুকের বাড়ি শৌলা এলাকায়। রামচন্দ্র দাসের বাড়ি দক্ষিণ ধরান্দি গ্রামে। তিনি শৌলা এলাকার ক্রোকমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
সদর থানার ওসি এস এম তারিকুল ইসলাম বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
বরগুনা : বেলা আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার আমুয়া-বামনা সড়কের ঢুসখালী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আরোহী মাহফুজুর রহমানের (১৯) মৃত্যু হয়। তিনি জেলার বামনা সদরের শফিপুরের বাসিন্দা। এ ঘটনায় আরও দুজন আহত হন।
বামনা থানার ওসি আজিজুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
কিশোরগঞ্জ : সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের রেলওয়ের লেভেল ক্রসিং এলাকায় দেবর হবি মিয়ার মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছনের একটি পিকআপ ভ্যানের চাপায় গৃহবধূ রুবি আক্তার (২৫) ঘটনাস্থলেই মারা যান। তাঁরা বাজিতপুরে যাচ্ছিলেন।
কুলিয়ারচর থানার এসআই সমরেন্দ্র দত্ত বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
শেরপুর: মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অটোরিকশা উল্টে পারভীন বেগম (২০) নামের এক নারী রাস্তার ওপর পড়ে যান। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। অটোরিকশাটি তাঁর বাবা পানু মিয়া চালাচ্ছিলেন। তাঁর বাড়ি শহরের দীঘারপাড় কামারবাড়ি এলাকায়। দেড় মাস আগে নওহাটা এলাকার জাহিদুল হকের সঙ্গে পারভীনের বিয়ে হয়। পারভীন পরিবারের সদস্যদের সঙ্গে সদর উপজেলার গাজীর খামার এলাকায় শের আলী গাজীর মাজারে গিয়েছিলেন।