সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ নয়জন নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় নোয়াখালী জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমল কুমার বড়ুয়াসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল ও গত রোববার কুমিল্লার দাউদকান্দি ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাতজন নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল সকাল সাতটার দিকে নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকাগামী একটি বাস কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমল কুমার বড়ুয়া (৫০) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হয় বাসের ১৮ জন যাত্রী।আহত ব্যক্তিদের মধ্যে নোয়াখালী সদরের আবু তাহের, খন্দকার নুরুল ইসলাম, সুমন, আবু তালেব, রাজন মজুমদার, বেগমগঞ্জের আলাউদ্দীন, চৌমুহনীর দীপংকর সাহা ও চাঁদপুরের কচুয়ার মবিনকে (২৯) আশঙ্কাজনক আবস্থায় ঢাকায় পাঠানো হয়। অন্যদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে সুমল কুমার বড়ুয়ার মৃত্যুর খবরে গতকাল নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনে শোকের ছায়া নেমে আসে। জেলার সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার দিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।বিকেল চারটার দিকে সুমলের লাশ নোয়াখালী শহরের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আনা হয়। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা জানান। পরে গ্রামের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হয়। সুমল স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় নছিমনের চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। নিহতদের মধ্যে দুজন হচ্ছেন গোবিন্দগঞ্জের সোহাগী গ্রামের আবদুর রউফ (২৫) ও ফরিদুল ইসলাম (৩০)। আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ নছিমনকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করেছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।গাইবান্ধার পুলিশ সুপার বাসুদেব বণিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এদিকে গত রোববার বিকেল সোয়া ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাস ও চাঁদপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ঢাকার মাতুয়াইলের এনায়েত (৪০) ও অজ্ঞাতনামা দুজন মারা যান। আহত হয় দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।