সড়ক দুর্ঘটনায় বছরে মারা যায় নয় হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সড়ক দুর্ঘটনার অন্তত ৪০টি কারণ রয়েছে। এর মধ্যে চালক ও তাঁদের সহকারীদের অসাবধানতা ও ত্রুটিপূর্ণ সড়কের কারণ অন্যতম। দেশের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর অর্ধেকের বেশি সড়ক দুর্ঘটনার কারণে হয়ে থাকে। এতে বছরে গড়ে নয় হাজার মানুষ মারা যাচ্ছে। গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতামূলক সমাবেশে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরটিএর চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার, চট্টগ্রামের পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ। সমাবেশে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি যানবাহনের মালিক, শ্রমিকনেতা, চালক ও তাঁদের সহকারীরা উপস্থিত ছিলেন।যোগাযোগসচিব বলেন, ১৯৭৪ সালের পর ঢাকায় মাত্র দুটি নতুন সড়ক হয়েছে। ফলে ট্রাফিক-ব্যবস্থার উন্নতি হয়নি। সড়ক দুর্ঘটনার জন্য ৩৫-৪০টি কারণ থাকতে পারে। কিন্তু অন্যের ওপর দোষ চাপানোর মানসিকতা ত্যাগ করে মালিক ও চালকদেরই দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত হলে এই সড়কে দুর্ঘটনা অনেক কমে যাবে। বিআরটিএর চেয়ারম্যান বলেন, চালকদের প্রশিক্ষিত করতে সরকার ছয় বিভাগে ছয়টি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘১৮ বছর ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করতে গিয়ে দুর্ঘটনার ৪২টি কারণ পেয়েছি। এর মধ্যে ৩৫টি বিষয়ে সচেতন হতে পয়সা খরচ হয় না।’ তিনি চালকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দাবি করেন, ইচ্ছা করে পিঁপড়াও মারতে চান না। কিন্তু নিয়ম না মানলে পিঁপড়া নয়, হাতিও মারা পড়তে পারে। গাড়ি চালাতে গিয়ে রাগ-গোস্বা ত্যাগ করুন।’ তপন কুমার বলেন, দেশে প্রতি ১০ হাজার গাড়িতে বছরে ৬০ জন মারা যায়। ভারতে এ হার ২৭ জন, শ্রীলঙ্কায় ১৭ জন এবং মিয়ানমারে ১৯ জন। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নয় হাজার মানুষ মারা যায়। কিন্তু পঙ্গু হয় এর দ্বিগুণ মানুষ।নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ চালকদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় গুরুত্ব দিয়ে বলেন, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা স্কুলবাস আগে যাবে, নাকি একটি যাত্রীবাহী গাড়ি আগে যাবে—তা বোঝার জ্ঞান অনেক চালকেরই নেই। দেশে যে পরিমাণ গাড়ি আমদানি হচ্ছে, সে পরিমাণ প্রশিক্ষিত চালক তৈরি করতে হবে।সমাবেশ শেষে সড়ক দুর্ঘটনার ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়।