সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ মুসলিম (৮৩) ও মোহাম্মদ সুলতান উদ্দিন (৭৮)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।অতীতেও পবিত্র হজ পালন করতে এসে সড়ক দুর্ঘটনায় অনেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা জানান, সৌদি আরবে রিকশা বা ধীরগতির গাড়ি চলাচল করে না। রাস্তা চওড়া হওয়ায় এ দেশে দ্রুতগতিতে গাড়ি চলে। রাস্তায় পর্যাপ্ত ফুটওভারব্রিজ বা জেব্রা ক্রসিং নেই। তবে হজের সময় সাধারণত মক্কা, মদিনা ও জেদ্দায় হাজিদের দেখলে গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়। তাড়াহুড়ো না করে হজযাত্রীরা দলবদ্ধভাবে চলাচল করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।১৮ বছর ধরে এ দেশে গাড়ি চালাচ্ছেন চুয়াডাঙ্গার আহসান রইছউদ্দিন মোল্লা। তিনি বলেন, সৌদি আরবের সড়কগুলো সাধারণত চার লেনবিশিষ্ট। ডানের লেনে ধীরগতির বড় গাড়ি চলে। বাঁয়ের লেনে চলে দ্রুতগতির গাড়ি। এখানকার ট্রাফিক আইন খুব কড়া। সংকেত অমান্য করলে ৯০০ রিয়াল জরিমানা ও ২৪ ঘণ্টা কারাদণ্ড দেওয়া হয়।পথ হারানো হাজিকে পৌঁছে দিলে রিয়াল: ভাষার ভিন্নতাসহ নানা কারণে হজযাত্রীদের অনেকে নিজেদের বাসা খুঁজে পান না। অনেক সময় বাসার ঠিকানা হারিয়ে ফেলেন। তাঁদের সাধারণত স্কাউট, রাস্তার পরিচ্ছন্নতাকর্মীসহ পথচারীরা গন্তব্য পৌঁছে দেন। তাঁদের গন্তব্যে পৌঁছে দিলে সৌদি হজ মন্ত্রণালয় অর্থ (রিয়াল) দেওয়ার ব্যবস্থা রেখেছে।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৯০ হাজার ৪০১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। প্রতিদিন হজ বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এ ঠিকানায় www.hajj.gov.bd।