সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের দক্ষিণ সোনাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য কাঞ্চন আলী মৃধা (৭০) ও তাঁর ছেলে আলমগীর হোসেন (৩৮)।
নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গত শনিবার রাতে ভাইজোড়া গ্রামের বাড়ি থেকে আলমগীর হোসেন তাঁর বাবা কাঞ্চন আলী মৃধা ও ছোট ভাই জাকির হোসেনকে মোটরসাইকেলে করে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সোনাখালী গ্রামের বিশ্বাসবাড়ির সামনে কুয়াশার মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে কাঞ্চন আলী মৃধা মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত আলমগীর হোসেন ও জাকির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বরিশাল নেওয়ার পথে ওই রাতে আলমগীর হোসেনের মৃত্যু হয়।