সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ চারজন নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ঢাকার আরামবাগের ক্লাসিক প্রিন্টার্সের মালিক নূরুল আলম (৫০) ব্যক্তিগত গাড়ি চালিয়ে নিজ গ্রাম ফেনীর ছাগলনাইয়ার নূরপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। গতকাল শনিবার বেলা দুইটার দিকে গাড়িটি দাউদকান্দির রায়পুর এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নূরুল আলম ও তাঁর ছেলে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ওমর ফারুক (১৮) ঘটনাস্থলেই নিহত হন। এতে নূরুলের স্ত্রী নাছিমা আক্তার, বড় মেয়ে ঢাকার ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদ নাছরীন ও ছোট মেয়ে ঢাকার মাহমুদিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী নার্গিস ফাতেমা আহত হন।
রায়পুর এলাকায় গত শুক্রবার ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ির চাপায় আবদুল মজিদ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। মজিদ রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগামী ওই গাড়ি তাঁকে চাপা দিলে এ ঘটনা ঘটে। মজিদের বাড়ি উপজেলার রায়পুর গ্রামে।
উপজেলার আমিরাবাদ এলাকায় গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রী উপজেলার ঝাউতলী গ্রামের মোস্তাক মোল্লার স্ত্রী মালেকা বেগম (৫৫) ঘটনাস্থলে নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।