সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় গত রোববার সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছে। ফরিদপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বরিশাল, বগুড়া ও গাজীপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও আটজন নিহত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার এক নাগরিকসহ বিভিন্ন স্থানে ৩৬ জন আহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;ফরিদপুর: ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় গতকাল সোমবার একটি পাজেরো জিপের নিচে চাপা পড়ে পাশের নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের দেলোয়ার সরকারের ছেলে মিরাজ সরকার (৭) নিহত হয়। ফরিদপুর সদর উপজেলার মধুমালা সিনেমা হলের কাছে রোববার বাসচাপায় কানাইপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বসুনরসিংহদিয়া গ্রামের সোহরাব মোল্লা (৫৫) নিহত হন। কুষ্টিয়া: কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার মালিগ্রাম এলাকায় গতকাল আমবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকের আরোহী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই ব্যবসায়ী মাসুদ ও রহমান নিহত এবং চারজন আহত হন। সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সমবায় পেট্রল পাম্পের পাশে চড়িয়া এলাকায় রোববার একটি সিএনজিচালিত অটোরিকশা ও কোচের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার যাত্রী নাটোরের সিংড়া উপজেলার আব্দুস সোবাহান (৬৫), তাঁর ছেলে মনিরুদ্দিন (৪০), নাতনি আমেনা খাতুন (২৭ দিন) ও চালক সলঙ্গা থানার চড়িয়া গ্রামের আশরাফ আলী (৩৫) নিহত এবং দুইজন আহত হন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল তেলবাহী একটি লরির চাপায় কুলসুম বেওয়া (৫০) নিহত হন। তিনি বেলকুচি উপজেলার মৃত সন্তোষ প্রামাণিকের স্ত্রী।গৌরনদী (বরিশাল): বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রাম এলাকায় রোববার গাড়ির চাপায় ওই গ্রামের মুকুন্দ শীলের স্ত্রী গীতা রানী (৫০) নিহত হন। শেরপুর (বগুড়া): শেরপুরের ঘোগা সেতু এলাকায় রোববার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শেরপুর উপজেলার দড়িখাগা গ্রামের ওসমান গণি (৪০) নিহত ও ৩০ জন আহত হন।শ্রীপুর (গাজীপুর): শ্রীপুর উপজেলার শ্রীপুর-বরমী সড়কের শিমুলতলী এলাকায় রোববার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোচালকের সহকারী শফিকুল ইসলাম (১৫) নিহত হয়।