সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৫
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এদিকে নাটোরে যাত্রীবাহী বিআরটিসির বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার এসব দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার দুদু মিয়া (৪৮), তাঁর ছেলে হৃদয় (৯) এবং ট্রাকের চালক পাবনা সদরের রামচন্দ্রপুর গ্রামের শফি মিয়া (৫২)। নাটোরে নিহত দুজন হলেন বাসের চালকের সহকারী সাহিদ হোসেন (৩২) ও যাত্রী আনসার ব্যাটালিয়নের ল্যান্সনায়েক আবদুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্র জানায়, গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সয়াবিন তেলবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। মেরামতের জন্য ওই ট্রাকটি মহাসড়কের পাশেই দাঁড়ানো ছিল। এ সময় ঢাকা থেকে অক্সিজেনের সিলিন্ডারবোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দিলে সিলিন্ডারবোঝাই ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালক এবং তাঁর সহকারীসহ আরও তিনজন যাত্রী কেবিনের মধ্যে আটকা পড়েন। পুলিশ এসে কেবিন কেটে তাঁদের উদ্ধার করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতাল ও অপর দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিরাজগঞ্জে নেওয়ার পথে বাবা-ছেলে এবং ওই ট্রাকের চালক মারা যান।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুদু মিয়া তাঁর দুই ছেলেকে সঙ্গে করে ঢাকা থেকে কম খরচে ওই ট্রাকে করে বাড়িতে আসছিলেন। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাক দুটি থানার হেফাজতে রাখা হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ ও সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বরিশাল থেকে দিনাজপুরগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে বাসটি পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে যায়। এতে দুজনের মৃত্যু ও ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।