সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় এক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. আজাদ (৩৩) ও তাঁর ৩ বছরের মেয়ে মরিয়ম আক্তার।

আজাদ মাটি কাটার শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে। থাকতেন আশুলিয়ার ডেন্ডাবর এলাকায়।

আশুলিয়া থানার পুলিশ জানায়, বাড়ি যাওয়ার উদ্দেশে আজাদ তাঁর স্ত্রী আরজু বেগম (২৮) ও মেয়ে মরিয়মকে নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হন। এরপর তারা নবীনগর বাসস্ট্যান্ডের উদ্দেশে ব্যাটারিচালিত ​রিকশায় ওঠেন। বাসস্ট্যান্ডের কাছাকাছি গিয়ে রিকশার চালক মাটি বহনকারী একটি ট্রাকের পেছনে লাগিয়ে দেন। এ সময় আজাদ তাঁর স্ত্রী-সন্তানসহ রিকশা থেকে ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ঘটনার পর স্থানীয়রা আজাদ ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। আর তাঁর স্ত্রীকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, দুর্ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।