সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ নিহত ৫
তিন জেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নওগাঁর নিয়ামতপুরে বাবা-মেয়ে, গাইবান্ধায় ট্রাক্টরচালক ও সিরাজগঞ্জে দুই ব্যবসায়ী রয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:নওগাঁ: নিয়ামতপুর উপজেলার কাপাসিয়া মোড়ে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহী বাবা ও আট বছরের মেয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার কুন্তইল গ্রামের বিদ্যুৎ হোসেন (৩৫) ও তাঁর মেয়ে নূরশাদ (৮)। এ ঘটনায় অপর মোটরসাইকেল-আরোহী একই উপজেলার ছাতড়া গ্রামের ময়নুল ইসলাম (২৭) ও আল মামুন (৩৫) গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাইবান্ধা: গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুন্দরগঞ্জের বকুলতলায় শুক্রবার বেলা দুইটার দিকে সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (২৮) নামে এক ট্রাক্টরচালক নিহত ও আটজন শ্রমিক আহত হন। নিহত জুয়েল গাইবান্ধা সদর উপজেলার উত্তর আনালেরতারি গ্রামের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সিরাজগঞ্জ: নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ নামক স্থানে গতকাল শনিবার যাত্রীবাহী বাস ও সবজিবোঝাই পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহম্মেদ জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে উল্লাপাড়া ২০ শয্যার হাসপাতালে নেওয়ার পর আবু বক্কর (৩০) নামের এক সবজি ব্যবসায়ী এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অপর ব্যবসায়ী আবু সাঈদ (৩৫) মারা যান। বক্করের বাড়ি সদর উপজেলার সয়দাবাদ এবং আবু সাঈদের বাড়ি একই উপজেলার ডিগ্রীরচর গ্রামে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে।