সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা শেরপুরে কর্মকর্তা নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. শাহজাহান সিকদার এবং শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শৈলেস চন্দ্র সেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ দুটি দুর্ঘটনা ঘটে। বরিশালের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।বরিশালের বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. শাহজাহান সিকদার (৬৫) বাবুগঞ্জ থেকে টেম্পোযোগে উত্তর রহমতপুর আসছিলেন। বিকেল চারটায় টেম্পোটি রহমতপুর বিমানবন্দর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি খাদে পড়ে যায়। এ সময় শাহজাহানসহ সাতজন টেম্পোযাত্রী আহত হন। গুরুতর অবস্থায় শাহজাহানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় গাছ ফেলে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।আহত ব্যক্তিদের মধ্যে টেম্পোচালক হানিফ, টেম্পোযাত্রী মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, আবদুল রাজ্জাক, দেলোয়ার, রহিম ও অজ্ঞাতনামা একজন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শেরপুরের পুলিশ জানিয়েছে, গতকাল ভোরে প্রাতর্ভ্রমণের সময় গৌরীপুরে বালুবোঝাই একটি ট্রাক জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শৈলেস চন্দ্র সেনকে (৫৮) চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক। তৈমুরের গাড়ি দুর্ঘটনার কবলে: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বিকেলে রূপগঞ্জের বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারকে বহনকারী গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাঁর গাড়ির কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন গাড়ির চালক নূরুন্নবী। তবে গাড়িতে থাকা তৈমুরসহ অন্য আরোহীরা অল্পের জন্য রক্ষা পান। গাড়িতে তৈমুর ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী হালিমা ফারজানা, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস প্রমুখ। ট্রাকচালককে আটক করা হয়েছে।