সড়ক দুর্ঘটনায় বালাগঞ্জ গোয়াইনঘাট, ভৈরবে নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ, গোয়াইনঘাট ও কিশোরগঞ্জের ভৈরবে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও আটজন আহত হয়েছে। এদিকে দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বালাগঞ্জ: দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার নিজ কুরুয়া নামক স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অটোরিকশার একমাত্র নারী যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) জালাল আহমদ বলেন, অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। বাসটি আটক করা হলেও দুটি যানেরই চালক পালিয়ে গেছেন। গোয়াইনঘাট: সিলেট-তামাবিল সড়ক থেকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে নিহত শ্রমিকের পরিচয় জানা যায়নি। হাসপাতালে মারা যাওয়া শ্রমিকরা হলেন: আজিজুল ইসলাম ও রঞ্জিত সরকার। সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এদিকে দূর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে হিমঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে।ভৈরব: কিশোরগঞ্জের ভৈরবে সকালে সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। নিহত চালকের নাম আলম মিয়া (৩৮)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাটিহাতা গ্রামে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।