সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৩
সুনামগঞ্জের ছাতক উপজেলায় গতকাল শুক্রবার বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ছাতকে সড়ক দুর্ঘটনায় ওই উপজেলার কামারাঙ্গী গ্রামের মসক আলীর স্ত্রী কাচামালা বিবি (৩০) ও একই গ্রামের সমছু মিয়ার ছেলে নাফিস মিয়া (১০) নিহত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ছাতকের কামারাঙ্গী গ্রামের কয়েকজন লোক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য সুনামগঞ্জ-সিলেট সড়কের বরকাপন এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাফিস মিয়া মারা যায় ও পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কাচামালা বিবি মারা যান।
ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আতাউল করিম (৪৫) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মোড় এলাকার একটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি ব্যক্তিগত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়।