সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নবীনগর, গাজীপুর সদর ও টাঙ্গাইলের ভাতকুড়ায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতাসহ সাতজন নিহত হয়েছেন।
আশুলিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল জেলা বিএনপির নেতা দেওয়ান শামীম রেজা (৪০) গতকাল বিকেলে মোটর সাইকেলযোগে টাঙ্গাইল থেকে আশুলিয়া আসেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাইপাইল এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল নিয়ে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শামীম টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার বাসিন্দা এবং জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মোটরসাইকেলটি একটি ইটের ওপর উঠে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। হেলমেট না থাকায় মাথায় প্রচন্ড আঘাত পান তিনি।
গাজীপুরের নাওজোড় এলাকায় সকালে যাত্রীবাহী টেম্পো ও বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও পাঁচজন আহত হন। নিহত তিন জন হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্ধুগোয়ালিয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে ওমর ফারুক (৩৬) ও সুমন মিয়া (৩০) এবং রংপুরের মাহিগঞ্জের ঘোষাইবাড়ি এলাকার আবদুল মতিনের ছেলে নূরে আলম (৪০)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা থেকে গতকাল সকালে একটি যাত্রীবাহী টেম্পো কোনাবাড়ী যাওয়ার পথে নাওজোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি উল্টে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওমর ফারুক ও সুমন মিয়া মারা যান। আশপাশের লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর নূরে আলম মারা যান। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন।
আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল ভোরে টাঙ্গাইলের ভাতকুড়ায় ট্রাকচাপায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। তাঁরা হলেন ঢাকার সাভারের দেনবাড়ী গ্রামের হালিম (৪৪) ও ঢাকার পল্লবীর জামারা এলাকার নাজিম উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই দুটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। যানজটের কারণে চালক হালিম ও নাজিম ট্রাক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট কামরুজ্জামান রাজ বলেন, নিহত ব্যক্তিদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার এবং গাজীপুর, টাঙ্গাইল ও মির্জাপুর প্রতিনিধি।