সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সদর উপজেলায় গতকাল রোববার বাসের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হন। গত শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
দিনাজুপরে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের নাম সফিকুল ইসলাম (২৫)। তিনি দিনাজপুর সেক্টরে ল্যান্সনায়েক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী গ্রামে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার বটতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সফিকুল নিহত হন। কোতোয়ালি থানার ওসি) মো. খালেকুজ্জামান জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় ভারতীয় ট্রাকের ধাক্কায় মীর আলী (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বাংলাবান্ধা স্থলবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে। মীর আলীর বাড়ি তেঁতুলিয়া উপজেলার নাজিরাজোত গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে মোটরসাইকলে বাড়ি ফিরছিলেন মীর আলী। এ সময় স্থলবন্দরে পণ্য খালাস করে বের হওয়া একটি ভারতীয় ট্রাক মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মীর আলীর মৃত্যু হয়।