সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ দুজন নিহত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কলের লাঙলের (ট্রাক্টর) চাপায় আবদুল জব্বার (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার বীরচন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল জব্বার বিজিবির নায়েব সুবেদার। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কিসমত গ্রামে। একই দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় মরিয়ম বেওয়া (৯০) নামের এক নারী নিহত হয়েছেন। এক শিশুকে বাঁচাতে গিয়ে তিনি প্রাণ হারান।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনা করতে সকালে মোটরসাইকেলে করে আবদুল জব্বার ও নায়েক আহসান হাবিব ক্যাম্প থেকে বের হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর এলাকায় একটি কলের লাঙল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবদুল জব্বারকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহসান হাবিবকে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ কলের লাঙলটি জব্দ করেছে। এ ঘটনায় বিজিবির সুবেদার নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।