সড়ক দুর্ঘটনায় বিজিবির সদস্যসহ চারজন নিহত
চাঁদপুর, নেত্রকোনা ও কুমিল্লার দেবীদ্বারে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ চারজন নিহত হয়েছেন।চাঁদপুর, নেত্রকোনা ও দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধির পাঠানো খবর:পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় বিজিবির সদস্য মো. সাদ্দাম হোসেন (২৮) মারা যান। নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া এলাকায় গতকাল বেলা ১১টার দিকে ইটবোঝাই ট্রলি (মোটরচালিত যান) সেতুতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক বাবুল মিয়া (২৫) ও তাঁর সহকারী জুয়েল মিয়া (১৮) মারা যান। অপর সহকারী লিটন মিয়া (১৯) আহত হন।কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বারে ভিংলাবাড়ী গোমতী নদীর সেতুসংলগ্ন ভাঙা সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী এক নারী ছিটকে পড়ে যান। পেছনে থাকা বিটুমিন পরিবহনের একটি লরি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজুফা খাতুন (৪০) মারা যান।