সড়ক দুর্ঘটনায় বিজিবির ১০ সদস্য আহত
যশোর সদর উপজেলার যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা এলাকায় ২৬ বিজিবি ব্যাটালিয়নের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি বিজিবির সদস্যরা হলেন সুবেদার হুমায়ুন কবির, নায়েক জুবায়ের, ল্যান্স নায়েক জাকির হোসেন, এমদাদুল হক, আল মামুন, চণ্ডীচরণ মিত্র, মোশারফ হোসেন, জাহিদ হোসেন ও মফিজুর রহমান এবং গাড়িচালক হুমায়ুন।
হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন জানান, সকালে বিজিবির যশোর কার্যালয় থেকে কয়েকটি গাড়ি নড়াইলের দিকে যাচ্ছিল। পথে ছাতিয়ানতলা এলাকায় তাঁদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তাঁরা আহত হন।
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মতিউর রহমান বলেন, অবরোধে বেসামরিক লোকজনকে সহায়তা করতে বিজিবি মোতায়েন রয়েছে। এরই অংশ হিসেবে সকালে একটি দল নড়াইলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।