সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে কলেজশিক্ষকসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, গোপালগঞ্জ, কুমিল্লার বরুড়া ও চট্টগ্রামের চন্দনাইশে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজের শিক্ষক ও স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা ও আমতলী: আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খান কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ফারুক হোসেন হাওলাদার (৪০) সোমবার সকালে কলেজে যাচ্ছিলেন। স্থানীয় তালুকদার বাড়ি নামক স্থানে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। সোমবার দুপুরে কলাপাড়া থানার পুলিশ ওই বাসটি আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে আমতলীর বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ আমতলী পৌর শহরে বিক্ষোভ ও শোকসভা করে। তারা এ ঘটনায় জড়িত বাসচালকের বিচার ও এই রুটে ওই পরিবহন সংস্থাটির বাস চলাচল নিষিদ্ধ করার দাবি জানায়।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল-নাছিরনগর সড়কের সরাইল উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের সামনে গতকাল সকাল সাড়ে নয়টায় একটি যাত্রীবাহী টেম্পো একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আবদুল মোমেন নামের সপ্তম শ্রেণীর এক ছাত্র ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর চার ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় উত্তেজিত ছাত্র-জনতা সরাইল-নাছিরনগর সড়ক অবরোধ করে পাঁচটি ট্রাক ও অন্তত ২০টি টেম্পো ভাঙচুর করে।গোপালগঞ্জ: সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।বরুড়া (কুমিল্লা): উপজেলার সুলতানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মনির গতকাল বাড়ি থেকে জীবনপুর যাচ্ছিল। বরুড়া-কুমিল্লা সড়কে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে ও বাসের চালক বাচ্ছু মিয়াকে আটক করে।চন্দনাইশ (চট্টগ্রাম): উপজেলার বাগিচাহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গত সোমবার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে বাসটির সহকারী আলমগীর হোসেন (২৫) ঘটনাস্থলে নিহত হন এবং অপর ১০ যাত্রী আহত হন। আলমগীর সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা গ্রামের হায়দার আলীর ছেলে।