সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে পরীক্ষার্থীসহ নিহত ৫
রংপুরের তারাগঞ্জে গত সোমবার এক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:তারাগঞ্জ (রংপুর): গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুরের তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়া গ্রামের আবু তালেবের ছেলে এসএসসি পরীক্ষার্থী কাজল মিয়া নিজ বাড়ি থেকে ভ্যানযোগে ঢাকা-দিনাজপুর মহাসড়ক দিয়ে সৈয়দপুরে যাচ্ছিল। পথে চিকলীর বাজারে দিনাজপুরগামী একটি কোচের ধাক্কায় কাজলসহ নয়জন আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কাজল এবং একই গ্রামের আছাদের ছেলে হাবিবুল্লাহ (১৬) মারা যায়। কাজল সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক ঘটনাস্থলে গিয়ে দাবি মানার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পীরগাছা (রংপুর): উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাজবল্লব গ্রামের মফিজ উদ্দিন (৫০) গত সোমবার বিকেলে অসুস্থ স্ত্রী জহিরন নেছাকে নিয়ে পীরগাছা-রংপুর মহাসড়ক দিয়ে রিকশাযোগে রংপুরে যাচ্ছিলেন। পথে মনুছড়া লোহার ব্রিজসংলগ্ন স্থানে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মফিজ নিহত হন। জামালপুর: জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের কানিল রেলক্রসিংয়ের কাছে গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে ট্রাকচাপায় পাঁচ বছরের শিশু কাকলী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। কাকলীর বাড়ি সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের মধ্য গজারিয়া গ্রামে।ফেঞ্চুগঞ্জ (সিলেট): গত সোমবার সকালে সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতুসংলগ্ন পশ্চিম মল্লিকপুরে মৌলভীবাজারমুখী লাল রংয়ের দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ফকিরপাড়া গ্রামের ছত্তার আলী (৫৫) নিহত হন। পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি আটক করেছে।