সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তুহিন জামান (৩২) নামে বিমানবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুহিন সাতক্ষীরা সদর উপজেলার হাইজপাড়া গ্রামের দেলোয়ার রহমানের ছেলে। তিনি বিমানবাহিনীর গোয়েন্দা শাখায় করপোরাল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মোটরসাইকেল চালিয়ে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তুহিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে একটি মাইক্রোবাসে করে তাঁকে ঢাকা নেওয়া হচ্ছিল। পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা।

তুহিনের ছোট ভাই বিপ্লব হোসেন জানান, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তুহিনের মরদেহ ঢাকায় নেওয়া হয়েছে। তুহিন স্ত্রী এবং দুই বছরের একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রেখে গেছেন। স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে তিনি ঢাকায় যাচ্ছিলেন।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটিকে আঘাত করা গাড়িটি চিহ্নিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।