সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩২) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের রংধনু সিনেমা হলের সামনে যাত্রীবাহী বেবিট্যাক্সিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্যাক্সির যাত্রী বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এমবিএর ছাত্র সাইফুল মারা যান। এ ছাড়া ট্যাক্সির যাত্রী হোসনে আরা বেগম, মৈফুলী বেগম, বাদশা মিয়া ও আবদুল কুদ্দুস আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে এলাকাবাসী বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। নিহত সাইফুল সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের কর্মচারী শাহজাহান হাওলাদারের ছেলে। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজহার হোসেন জানান, সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও তাঁর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।