সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম রহিমা খাতুন (২৪)। একই দুর্ঘটনায় তাঁর সহপাঠী কামরুল ইসলাম (২৪) আহত হন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। রহিমার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। কামরুলের বাড়ি ঢাকার উত্তরাতে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রহিমা এবং সজীব একটি অটোরিকশায় করে শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিল। শহরের বটতলী এলাকায় একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা মারা যায়। গুরুতর আহত অবস্থায় কামরুলকে স্থানীয় লোকজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আমির আলি বলেন, কামরুলের ডান পা ভেঙে গেছে। তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রহিমার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।