সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় আজ বুধবার সকালে মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এই দুজন হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক কে এ এন এম আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং তাঁর গাড়ির চালক মো. সেন্টু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাইভেটকারটি ঝিনাইদহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আজ সকাল আটটার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালীতে যুব প্রশিক্ষণ কেন্দ্রের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অধ্যাপক আব্দুল্লাহ জাহাঙ্গীর ও চালক মো. সেন্টু মারা যান। প্রাইভেটকারে থাকা শিক্ষকের দুই সঙ্গী ঝিনাইদহের কোদালিয়ার মো. বাহাউদ্দিন (৬০) ও পাবনার আবুল আসাদ (৫৫) আহত হন। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। প্রাইভেটকারটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে ফেলা হয়। লাশ দুটি মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে।