সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ইঞ্জিনচালিত যান মাহেন্দ্রের দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। খুলনায় বাসচাপায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী ও বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় আরেক যুবকের মৃত্যু হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস গোয়ালন্দ থেকে মানিকগঞ্জগামী একটি মাহেন্দ্রকে চাপা দেয়। এতে রাজবাড়ীর বিনোদপুরের ব্যবসায়ী দুলাল চন্দ্র দত্ত (৩০) ও তাঁর ভাতিজা সঞ্জয় দত্ত (১২) মারা যায়। এ সময় দুলালের পরিবারের তিন সদস্য সজীব, সমু, গীতাসহ মাহেন্দ্রচালক আরফি গুরুতর আহত হন।
বরিশাল: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় যাওয়ার জন্য মিলন ভূইয়া (৩৫) নামের এক যুবক বিআরটিসি ডিপোর সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস মিলনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা: বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় নগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অমিত রায়সহ পাঁচজন আহত হন। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
অমিত যশোরের বাঘারপাড়া উপজেলার ঢেপখালি গ্রামের তপন রায়ের ছেলে।