সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডিন নিহত

সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে পাবনার বেড়া উপজেলার চাকলার ছন্দা এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন। তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল রাতে যাত্রীবাহী একটি এসি বাসে ঢাকা থেকে পাবনায় ফিরছিলেন রাশেদ কবির। দিবাগত রাত একটার দিকে বাসটি চাকলার ছন্দা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সেতুর নিচে খাদে পড়ে যায়। শিক্ষক রাশেদ কবিরসহ অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রাশেদ কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ঘটনার পরই বাসের চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে গেছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির বলেন, রাশেদ কবির স্ত্রীসহ ওই বাসে ঢাকার আরামবাগের বাসা থেকে ফিরছিলেন। তাঁর স্ত্রী সুস্থ আছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে লাশ ঢাকায় পাঠানো হয়েছে।