সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ও কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাস চাপায় জনাব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই দিন সকালে জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকচাপায় খাদিজা আক্তার নামে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়। বুধবার রাতে বগুড়ার শেরপুরে মাটিকাটার যন্ত্রের নিচে চাপা পড়ে নিহত হয়েছে নাইম শেখ (১৪) নামে এক কিশোর। প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলা শহরের মাঝিপাড়া নামক স্থানে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গতকাল দুপুরে একটি মাইক্রোবাস জোনাব আলীকে চাপা দেয়। জোনাব আলী বাইসাইকেলযোগে গাইবান্ধা সদর উপজেলার চকচকা গ্রাম থেকে পলাশবাড়ী যাচ্ছিলেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ক্ষেতলাল (জয়পুরহাট): উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কে গণমঙ্গল নামক এলাকায় গতকাল সকাল আটটার দিকে একটি ট্রাক বড়তারা কেজি স্কুলের ছাত্রী খাদিজাকে চাপা দেয়। প্রতিবাদে স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা দুই ঘণ্টা সড়ক আবরোধ করে। এ সময় একটি ভটভটি ভাঙচুর করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেজি স্কুল সূত্রে জানা গেছে, সড়ক পারাপারের সময় নিশ্চিন্তা বাজার থেকে চানপাড়া বাজারগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর (বগুড়া): স্থানীয়রা জানান, ট্রাকে করে ইটভাটার মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) পাশের একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল। ওই যন্ত্রের ওপরে বসে ছিল ট্রাক শ্রমিক নাঈম শেখ। উঁচু সড়ক থেকে নিচু সড়কের নামার সময় এক্সকাভেটরটি ট্রাক থেকে ছিটকে পড়লে নাঈম সেটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। শেরপুর থানার পুলিশের এসআই রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাঈম বগুড়ার ধুনট উপজেলার খাদুলী গ্রামের ফরিদ শেখের ছেলে।