সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পূর্ব ইসলামবাগের বৌবাজার এলাকা থেকে নূর নাহার ওরফে কাকলী (১৫) নামের এক কিশোরী ও হাজারীবাগে সজীব আহমেদ (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডেমরা থানার গলাকাটা এলাকার রাস্তা থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই দিন সন্ধ্যায় গাড়ি চাপা পড়ে ওই বৃদ্ধ মারা যান। তাঁর পরনে নীল-লাল ও গোলাপি রঙের চাদর, কালো গেঞ্জি, লাল রঙের গামছা ও সাদা লুঙ্গি ছিল। এ ব্যাপারে ডেমরা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পুলিশ পূর্ব ইসলামবাগের বৌবাজার এলাকার মাজেদুল ইসলামের বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে কাকলীর লাশ উদ্ধার করে। লাশটি একটি খাটের ওপর শায়িত অবস্থায় ছিল। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। কাকলীর পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, মনের দুঃখে কাকলী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এখনো বেঁচে থাকতে পারে, এ জন্য লোকজন দ্রুত সেখান থেকে কাকলীকে নামায়। নামানোর পর তাকে মৃত পাওয়া যায়।চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব শেখ প্রথম আলোকে বলেন, কাকলী ও তার মা ময়না বেগম ইসলামবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। তার মাকে রেখে বাবা কামাল হোসেন অন্যত্র বিয়ে করে চলে যান। এ নিয়ে মনের দুঃখে কাকলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গতকাল সকালে পুলিশ হাজারীবাগ এলাকার ১৮৪/এ/১ রায়েরবাগ টালি অফিসের একটি বাড়ি থেকে সজীব আহমেদের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত সজীবের খালাতো ভাই সাহাদাত হোসেন জানান, সজীব স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণীতে পড়ত। সজীবের সঙ্গে মনীষা নামের একটি মেয়ের সম্পর্ক ছিল। গত এক মাস আগে তারা গোপনে বিয়েও করে। বিষয়টি উভয় পরিবারের লোকজন জেনে যায়। পরে মেয়েপক্ষের লোকজন মেয়ে-জামাতা দুজনকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর মনীষার পরিবারের লোকজন সজীবকে ঢাকায় পাঠিয়ে দেয়। এরপর সজীব মনীষার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। এ নিয়ে রাগে ও মনের দুঃখে সজীব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সজীবের বাবার নাম আবদুল আজিজ। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজগড় গ্রামে। সে পরিবারের সবার সঙ্গে রায়েরবাগ টালি অফিসের একটি বাড়িতে ভাড়া থাকত। এ ব্যাপারে হাজারীবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।