সড়ক দুর্ঘটনায় বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

রাজশাহীর মোহনপুরে আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনসুর রহমান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর গাড়ির চালক শরীয়ত আলী।
মনসুর রহমান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার-রাজশাহী অপর এক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার-রাজশাহীর অপর এক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শামসুল আলম জানান, এর আগে মনসুর রহমান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে ছিলেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মনসুর রহমান অনেক দিন ধরে রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসায় থাকতেন। আহত চালকের দেওয়া তথ্যের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোররাতে ব্যক্তিগত গাড়িতে করে মনসুর রহমান নওগাঁর ধামুইরহাটের মঙ্গলবাড়ি নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তাঁরা ভোরে সাহ্রি খেয়ে রওনা দেন। পথে পবার নওদাপাড়া মসজিদে তাঁরা ফজরের নামাজ আদায় করেন। সেখানে থেকে মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর ও কালিনা সেতুর কাছে এসে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মনসুর রহমানকে মৃত ঘোষণা করেন।
চালক শরীয়ত আলীর বাড়ি রাজশাহী নওদাপাড়ার এলাকায়। তাঁর বাবার নাম আজাহার আলী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।