সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় পানবোঝাই একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন ব্যাংক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজারের চারখাই শাখা পূবালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ধ্রুবজ্যোতি দাস, মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা আদিল চৌধুরী, সঞ্জিব ও প্রকৃতি। তাঁরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, মোগলাবাজারের ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। পানবোঝাই করা একটি ট্রাক মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিলেটের দিকে আসছিল প্রাইভেটকারটি। মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ধ্রুবজ্যোতি ও আদিল মারা যান। আর আজ রোববার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্য দুজন। রাতেই ট্রাকটি জব্দ করা হয়েছে।