সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের দুই কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের দুই কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সিংড়ার জোড়ব্রিজ এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৮)। হাবিবুর ব্র্যাকের বামিহাল শাখায় হিসাব কর্মকর্তা ও ইসমাইল প্রোগ্রাম সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, বিকেল পাঁচটার দিকে সিংড়া উপজেলা সদরে কাজ শেষে মোটরসাইকেলে করে বামিহালে ফিরছিলেন হাবিবুর ও ইসমাইল। এ সময় জোড়ব্রিজ এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে দিবারাত্রি নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে ওই দুজনের মৃত্যু হয়।
উপজেলা ব্র্যাকের নিংগইন শাখার ব্যবস্থাপক জিয়াউল হক বলেন, হাবিবুর ও ইসমাইল গ্রাহকের কাছ থেকে আদায় করা টাকা ব্যাংকে জমা দিয়ে বামিহাল শাখায় ফিরছিলেন।